বড়াইগ্রাম–গুরুদাসপুরে এ যাবতকালের সর্ববৃহৎ মিছিল আব্দুল হাকিমের

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় এ যাবতকালের সর্ববৃহৎ নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জামায়াতে ইসলামীর মনোনীত নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিমের নেতৃত্বে এই বিশাল মিছিল অনুষ্ঠিত হয় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে। মিছিলের দৈর্ঘ্য এক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়।

 মিছিলটি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলে কয়েক যুবক, বৃদ্ধসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিপুল জনসমাবেশে উপচে পড়ে আনন্দ।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হাকিম বলেন, “এই গণজোয়ার প্রমাণ করে বড়াইগ্রাম–গুরুদাসপুরের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি পেতে জনগণ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবেন। বড়াইগ্রাম-গুরুদাসপুরকে নিজের দুই চোখের সাথে তুলনা করে আব্দুল হাকিম বলেন, উভয় এলাকাকে সমান গুরুত্ব দিয়ে সব মানুষের পক্ষে কাজ করবেন।

স্থানীয় সূত্র জানায়, অতীতে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এতো বড় ও স্বতঃস্ফূর্ত মিছিল বড়াইগ্রাম–গুরুদাসপুর এলাকায় দেখা যায়নি। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top