‘দিল্লির কাছে দস্তখত দেয়াদের কাছে বাংলাদেশ অনিরাপদ’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নতুন ইমাম বার বার বলেন দিল্লীও নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ, তখন সাধারণ মানুষ শোনে দিল্লীও নয়, পিন্ডিও নয়, সবার আগে লন্ডন। যারা দেশে আসার আগে দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমাদের ১০ দলীয় জোটের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ছয় বছরের নিচে এবং ৬০ বছরের ওপরে বয়স্ক মানুষকে বিনা টাকায় চিকিৎসার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

রাশেদ প্রধান দলীয় জোটের কাছে পঞ্চগড় জেলায় একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি করেন।

তিনি বলেন, ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে পঞ্চগড় জেলার চিনিকল আবার জেগে উঠবে। সুতরাং আপনাদের কাছে দাবি পঞ্চগড়ের দুই আসনে শাপলা কলি ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ডা. শফিকুর রহমানের চুল এবং দাঁড়ি সাদা দেখালেও তিনি আমাদের চেয়েও তরুণ।

জাগপার মুখপাত্র আরও বলেন, আমাদের ইমানি প্রথম দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা। দ্বিতীয় ইমানি দায়িত্ব শাপলা কলি ও দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। শফিকুর রহমান অন্যান্য নেতাদের মতো দেশের ধনী অঞ্চল থেকে শুরু করেন নাই। তিনি আমাদের দেশের পিছিয়ে পড়া উত্তরাঞ্চল থেকে শুরু করেছেন।
তিনি বলেন, লন্ডন থেকে আসা ইমাম কি একটা কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগের ফ্যাসিবাদীকে দেখেছি, দশ টাকার চাল খাওয়াবে, নতুন লন্ডনি মুফতি আরেকটি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশের জনগণ এসব কার্ড কার্ড খেলায় আর বিশ্বাস করে না।
তিনি বলেন, যারা দেশে আসার আগে দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ বলেছেন, বেশি বেশি কোরো না দিল্লি গিয়ে পড়বা।
সেটাই কিন্তু প্রমাণ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top